নবাবগঞ্জে ইছামতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভাঙ্গাভিটা ও এপার মাইলাইল এলাকায় ইছামতী নদী থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তুলছে কয়েকটি চক্র। এতে নদীর দুই পাড় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, ইছামতীর এপার মাইলাইল এলাকায় একটি ও ভাঙ্গাভিটা এলাকায় চারটি খননযন্ত্র বসিয়ে অবাধে বালু তুলছে কয়েকটি চক্র। এ ছাড়া নদীর তীরেও খননযন্ত্র ও কোদাল দিয়ে মাটি কাটা হচ্ছে। পরে বাল্কহেডে করে নিয়ে এগুলো বিক্রি করা হয়। এতে আবাদি জমিতে জলাশয়ের সৃষ্টি হচ্ছে। এভাবে এলাকার অন্তত কয়েক শ বিঘা আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। মাটি কাটায় ও বালু উত্তোলনে কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেও এলাকাবাসী ব্যর্থ হন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এ চক্রের ক্ষমতা আর টাকার কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে। গত ২৫ মে প্রায় অর্ধশত গুলি ছুড়ে মাটি কাটার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ। তাঁর সঙ্গে সব সময় একটি বাহিনী থাকে, যাদের কাছে থাকে অবৈধ অস্ত্র। এ ছাড়া দীর্ঘদিন ধরে ইছামতী নদীর কৈলাইল শালিকা, মাইলাইল পয়েন্টে খুদু মেম্বারসহ কয়েকজন সিন্ডিকেট করে নদী থেকে বালু উত্তোলন ও পাড় থেকে মাটি কেটে বিক্রি করছেন।
ভাঙ্গাভিটা গ্রামের বাসিন্দা গণেশ চন্দ্র বলেন, ‘আমাদের গ্রামের ৯৮ ভাগ অধিবাসী হিন্দু হওয়ায় ভয়ে কেউ মুখ খোলেন না। কারও জমি কেটে নিয়ে গেলেও কিছু করার থাকে না। কেউ বাধা দিতে গেলে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর লোকজন প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ভয় দেখান।’
স্থানীয় বাসিন্দা আবু মো. সুবিদ আলী বলেন, শত শত বিঘা জমি কেটে লুটপাটের মহোৎসব চলছে। দেখার কেউ নেই। একদিকে যেমন প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, অন্যদিকে কৃষিজমিও নষ্ট হচ্ছে। প্রতিদিন অবৈধভাবে বালু তুলে লাখ লাখ টাকা ভূমিদস্যুরা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত।
কৈলাইল গ্রামের বাসিন্দা মো. বেল্লাল বেপারী বলেন, ‘আইন-কানুনের তোয়াক্কা না করেই কৈলাইল ইউনিয়নে শত শত বিঘা কৃষিজমির মাটি কেটে পুকুরের মতো বানিয়ে ফেলা হচ্ছে। ভূমিদস্যুদের ভয়ে ক্ষতিগ্রস্ত মানুষ প্রশাসনের কাছে অভিযোগ করার সাহসও পায় না।’
কৈলাইল গ্রামের আবদুর রশিদ বাউল বলেন, ‘ইছামতীর পাড়ে আমার একটু জমি ছিল। খুদু মেম্বার পাশের জমিটি কিনে মাটি বিক্রি করায় আমার জমিটিও ভেঙে গেছে। এখন আর সে জমিতে ফসল ফলানোর কোনো সুযোগ নেই।’ এ বিষয়ে খুদু মেম্বার বলেন, ‘আমি কারও জমিতে মাটি কাটি না। জমি কিনে মাটি কেটে পুকুর তৈরি করি। আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়।’
নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ বলেন, ‘দুই-তিন মাস আগে আমার জমির মাটি কেটে নিজের আরেকটি জমি ভরাট করেছি। এখন খুদু মেম্বারসহ কয়েক ব্যক্তি নদীতে অবৈধভাবে ড্রেজিং (খনন) করে মাটি বিক্রি করছেন।’ তিনি বলেন, ‘মে মাসে মাটি কাটার উদ্বোধন অনুষ্ঠানে গুলি ছোড়া হয়নি। অবৈধ ড্রেজিং ও বালু বিক্রির বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেগুলো মিথ্যা। কিছু কুচক্রী মহল আমার ক্ষতি ও সমাজে আমাকে হেয় করার জন্য কুৎসা রটাচ্ছে।’
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ বলেন, ‘আমার জানামতে ইছামতী নদীতে ড্রেজিং করা ও বালু উত্তোলনে কাউকে অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’