
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পলিরামদেবপুর (খলিশাগাড়ি) এলাকায় এএসএম নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছেন।
ইউএনও বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, গত অক্টোবর মাসের শেষের দিকে ওই এলাকার সোহেল রানা সংরক্ষিত বনের পাশে সম্পূর্ণ অবৈধভাবে চিমনি ভাটা গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে তিনি ইটভাটাটি বন্ধ করতে বলেন।
এলাকাবাসী সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর ইউএনও বজলুর রশীদ ভারতে প্রশিক্ষণে গেলে সোহেল রানা ওই ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করতে থাকেন। গত ৩ জানুয়ারি তিনি নবাবগঞ্জে এসে বিষয়টি জানতে পারেন।
গতকাল বুধবার সকালে থানা-পুলিশ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ইউএনও ওই ইটভাটার চিমনি ভেঙে ফেলেন। পানি দিয়ে কাঁচা ইট ধ্বংস করেন। অভিযান টের পেয়ে ভাটার মালিক সোহেল রানা পালিয়ে যান বলে ইউএনও বজলুর রশীদ জানান।
এ ব্যাপারে জানতে চাইলে চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এএসএম ইটভাটাটি চরকাই রেঞ্জের হরিপুর বিটের ২০ মিটারের মধ্যে নির্মাণ করা হয়। ইটভাটাটি যখন নির্মাণ করা হয়, তখন বন বিভাগের পক্ষ থেকে ইটভাটা নির্মাণে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা অমান্য করায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু ভাটার মালিক তাঁদের বাধা উপেক্ষা করে ইট পোড়ানো শুরু করেন।