নবাবগঞ্জে ক্লিনিকে প্রসূতির মৃত্যু, নার্সসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্লিনিকের ব্যবস্থাপক ও দুই নার্সকে আটক করেছে পুলিশ।

ওই প্রসূতির নাম নূর জাহান (২৮)। তিনি উপজেলার মাইলাইল গ্রামের মো. রমজানের স্ত্রী ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চরপল্টন গ্রামের মাছ ব্যবসায়ী আবদুল বারেকের মেয়ে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজহাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও নূরজাহানের পরিবার সূত্র জানায়, সোমবার রাতে নূরজাহানের প্রসবব্যথা হলে স্বজনেরা রাত দুইটার দিকে তাঁকে পাড়াগ্রাম জেনারেল হাসপাতাল নামে ওই ক্লিনিকে নিয়ে যান। সে সময় ক্লিনিকটিতে কোনো চিকিৎসক ছিলেন না। ভোর চারটার দিকে প্রসবব্যথা আরও বেড়ে যায়। স্বজনেরা চিকিৎসক আসার সময় জানতে চান। তখন হাসপাতাল থেকে জানানো হয়, কিছুক্ষণের মধ্যে চিকিৎসক আসবেন। এরপর নূরজাহানকে অস্ত্রোপচার কক্ষে (ওটি) নিয়ে যান নার্সরা। সকাল সাড়ে সাতটার দিকে নূরজাহানের মৃতদেহ স্বজনদের বুঝে নিতে বলা হয়। স্বজনদের অভিযোগ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগে ক্লিনিকের জানালা ভাঙচুর করা হয়। পরে পুলিশ ক্লিনিকের ব্যবস্থাপক সারোয়ার হোসেন, নার্স মাহফুজা ও সুজাতাকে আটক করে। এদিকে ঘটনার পর থেকে ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন।

প্রসূতির বাবা আবদুল বারেক অভিযোগ করেন, ‘হাসপাতালে কোনো ডাক্তার ছিল না। আমি তাদের বারবার বলেছি, ভালো ডাক্তার না হলে মেয়ের অপারেশন করাব না। নার্সরা আমার কথা শোনেনি। আমাদের অগোচরে নার্সরাই আমার মেয়ের অপারেশন করতে গিয়ে মেয়েসহ নবজাতককে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী বলেন, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। মৃতের স্বজনেরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।