নবাবগঞ্জে গুলিতে প্রবাসী নিহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শহিদ খান (৩৯) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত দুইটার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
শহিদ খান দেড় মাস আগে কর্মস্থল সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন।
ঘটনা সম্পর্কে প্রতিবেশীদের ভাষ্য, গতকাল রাত দুইটার দিকে ১৫-২০ জনের সশস্ত্র দুর্বৃত্ত প্রবাসী শহিদ খানের বাড়িতে হানা দেয়। কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে তারা শহিদ খান ও তাঁর স্ত্রী হামিদা বেগমকে মারধর করে। একপর্যায়ে এক দুর্বৃত্ত শহিদের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। গুলির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আহত শহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ভোরের দিকে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কেরানীগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, হত্যার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।