নবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাসনাবাদ গ্রামের বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত সোনিয়ার স্বামী সামসুদ্দিন পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামসুদ্দিন ক্লিনিকের ব্যবসা করেন। সোনিয়া (৩০) তাঁর দ্বিতীয় স্ত্রী। সামসুদ্দিন তিন-চার বছর আগে ক্লিনিকের নার্স সোনিয়াকে বিয়ে করেন। এরপর তাঁরা হাসনাবাদে ভাড়া বাসায় থাকছিলেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সামসুদ্দিন তাঁর চাচাশ্বশুর সুলতান মাহমুদকে মুঠোফোনে বলেন, চার-পাঁচজন দুর্বৃত্ত ঘরে ঢুকে সোনিয়াকে কুপিয়ে হত্যা করেছে। ভয়ে তিনি পালিয়ে এসেছেন। এরপর তিনি মুঠোফোন বন্ধ করে দেন। নিহতের পরিবার খবর দিলে পুলিশ সোনিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সোনিয়ার মা সেলিনা বেগম বলেন, ‘সামসুদ্দিন নিজেই সোনিয়াকে হত্যা করে পালিয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই সামসুদ্দিন পলাতক।

শ্রমিক খুন, গ্রেপ্তার ৩

আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের সালনা এলাকায় জিয়াউর রহমান (৩৬) নামের এক শ্রমিক হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী, স্ত্রীর বন্ধুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন নিহত জিয়াউরের স্ত্রী নুরুন্নাহার (২৮), তাঁর বন্ধু মো. শামিম (২৫) ও মো. শাহীন (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন জিয়াউর রহমান ভাড়া বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকাল সাড়ে আটটার দিকে সালনা ফরেস্ট চেকপোস্টের পাশের নালায় গলাকাটা একটি লাশ পাওয়া যায়। পরে স্বজনেরা জিয়াউরের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় জিয়াউরের ছোট ভাই শাহিন আলম ২৩ জুন জয়দেবপুর থানায় মামলা করেন।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলামিন বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।