নবাবগঞ্জে চাঁদা না পেয়ে হামলা, আহত ৫
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার উপজেলা লস্করকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পাঁচজন হলেন বালু ব্যবসায়ী শাহিনুর, তাঁর চাচাতো ভাই শেখ মিজান, দুলাল, শেখ বাবু ও আরিফ। তাঁদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল সকালে ইট ও বালু ব্যবসায়ী শাহিনুর ইসলামের একটি বালুভর্তি ট্রাক বান্দুরা থেকে শিকারীপাড়া যাচ্ছিল। এ সময় স্থানীয় জালাল, আলমাস, সৌরভ, আজাদ, সাদ্দাম, সজীব, আলাউদ্দিন, বাবুসহ ৮-১০ জন লস্করকান্দা গ্রামের হায়াত আলীর বাড়ির কাছে ট্রাকটি থামান। পরে চালকের কাছে চাঁদা দাবি করলে তিনি বিষয়টি শাহিনুরকে জানান। শাহিনুর ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি মারতে থাকে। খবর পেয়ে মিজান, দুলাল, বাবু ও আরিফ ঘটনাস্থলে এলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়।