নবাবগঞ্জে জাতীয় উদ্যানের গাছ উজাড়
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালগাছ রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ইটভাটার মালিক, কাঠ ব্যবসায়ীসহ একটি সংঘবদ্ধ চক্র কয়েক শ গাছ এখান থেকে চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহারুল ইসলাম উদ্যান থেকে কেটে ফেলা চারটি বড় শালগাছ এবং বিপুল পরিমাণ শাল ও সেগুন কাঠ জব্দ করেন।
গত মঙ্গলবার সরেজমিন জাতীয় উদ্যান ঘুরে দেখা গেছে, চারটি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। গাছচোরেরা শতাধিক শালগাছ ইতিমধ্যে কেটে নিয়ে গেছে। এসব গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে রাখা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি ঘনফুট শাল কাঠের বর্তমান বাজারমূল্য ৬০০ টাকা করে। চুরি হওয়া প্রতিটি গাছে আনুমানিক ৪০ থেকে ৫০ ঘনফুট কাঠ হবে। সে হিসাবে প্রতিটি গাছের মূল্য ২৪ থেকে ৩০ হাজার টাকা। তবে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা জানান যে ঘনফুটপ্রতি শাল কাঠের বর্তমান বাজারমূল্য ১০০০ থেকে ১২০০ টাকা।
বন বিভাগ সূত্রে আরও জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর, তর্পণঘাট, খটখটিয়া, রসুলপুর, হরিল্যাখুর, বড় জালালপুর, আলোকধুতি ও কৃষ্ণপুর মৌজার ৫১৭ দশমিক ৬৭ হেক্টর বনাঞ্চল নিয়ে ২০১০ সালের ২৪ অক্টোবর নবাবগঞ্জ জাতীয় উদ্যান ঘোষণা করা হয়।
নবাবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম অভিযোগ করেন, চরকাই রেঞ্জ কর্মকর্তা একরামুল হকের বাড়ি নবাবগঞ্জ উপজেলায়। তিনি এই রেঞ্জে যোগ দেওয়ার পর থেকেই স্থানীয় সংঘবদ্ধ গাছচোরদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর পর থেকে রাতের আঁধারে বনের গাছ চুরির মহোৎসব শুরু হয়।
ইউএনও আজহারুল ইসলাম জানান, গাছ চুরির বিষয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় করাতকল, ইটভাটা ও কিছু কাঠ ব্যবসায়ীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
চরকাই রেঞ্জ কর্মকর্তা একরামুল হক জানান, তিনি ২০১৪ সালের ১৪ আগস্টে এখানে যোগ দেওয়ার পর বনে গড়ে তোলা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গাছচোরদের ধরেছেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে এখান থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করে অভিযোগ দেওয়া হচ্ছে।
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির জানান, অচিরেই দোষী ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নবাবগঞ্জ ঘোড়াঘাট যৌথ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হাসান বলেন, অনেক ইটভাটার মালিক কাঠ পোড়ালেও কেউ বনের কাঠ পোড়ান না। কোনো ইটভাটার মালিক বনের গাছ চুরির সঙ্গে জড়িত না।