নবাবগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ, কুষ্টিয়ায় উদ্ধার
ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে ডিবি পরিচয়ে ইমরান হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে গত শনিবার অপহরণ করা হয়। রোববার দুপুরে কুষ্টিয়ার মিলপাড়া রেলগেট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইমরান হোসেন উপজেলার বৈকণ্ঠপুর-জালালপুর এলাকার মৃত গোলাম আলীর ছেলে। ইমরান উপজেলার বাগমারা বাজারে ইট, বালু, রড ও সিমেন্টের ব্যবসা করেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে ইমরানের বড় ভাই হাবিবুর রহমান সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। শনিবার বিকেলে ইমরান নির্বাচনী প্রচারণায় বের হন। একপর্যায়ে বাগমারা বলমন্তচর সেতুতে একা দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় দুই ব্যক্তি ডিবি পরিচয়ে কালো মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে যান। ইমরানকে গাড়িতে তোলার পর একপর্যায়ে ওই ব্যক্তিরা তাঁর চোখ-মুখ বেঁধে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলেন। গতকাল সকালে কুষ্টিয়া সদরের মিলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় ইমরানের চেতনা ফেরে। এরপর পরিবারের লোকজনকে মুঠোফোনে বিষয়টি জানান তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে নবাবগঞ্জে নিয়ে আসেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিরউদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।