নবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৪ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নে গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিকারীপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আলিমোর রহমান খান ওরফে পিয়ারার সমর্থকদের সঙ্গে ব্যবসায়ী বাদল মিয়ার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বাদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক ওরফে টিপুর সমর্থক। সংঘর্ষ চলাকালে আলিমোরের সমর্থকেরা অবৈধভাবে অস্ত্র প্রদর্শন এবং অন্তত ৫০টি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করেন। এ সময় চার পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন।

মোজাম্মেল হক বলেন, হামলার ঘটনায় ব্যবহৃত ৮-১০টি অস্ত্র কোথা থেকে এল বা কোথায় গেল—এ বিষয়ে প্রশাসনের তদন্ত করা উচিত।

বাদল মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান আলিমোর আমাকে ও আমার লোকজনদের হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন। আমি এর সুষ্ঠু বিচারের দাবি করছি।’

আলিমোর রহমান খান বলেন, ‘আমার সঙ্গে নির্বাচন করে হেরে যাওয়া প্রার্থী মোজাম্মেল ও ব্যবসায়ী বাদল শত্রুতা শুরু করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি ও আমার লোকজন পুলিশের ওপর হামলা করেনি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যান আলিমোর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।