নবাবগঞ্জে দুর্বৃত্তের গুলিতে প্রবাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাবগঞ্জে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্তের গুলিতে নিজ বাড়িতে শহিদ খান (৩৯) নামে এক প্রবাসী খুন হয়েছেন। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
শহিদ খান দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন। তাঁর বাড়ি উপজেলার কৈলাইল ইউনিয়নের রায়পুর গ্রামে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে মুখোশ পরিহিত সাত-আটজন অস্ত্রধারী ব্যক্তি দরজা ভেঙে প্রবাসী শহিদ খানের বাড়িতে ঢোকে। তারা অস্ত্রের মুখে শহিদ ও তাঁর স্ত্রী হামিদা বেগমকে জিম্মি করে। পরে তাঁদের ঘরের ভেতরেই মারধর করে। একপর্যায়ে এক দুর্বৃত্তের মুখোশ খুলে যায়। শহিদ খান তাকে চিনে ফেলেন। এ সময় বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় শহিদকে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এদিকে গতকাল রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, এটি ডাকাতির ঘটনা না ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে।