নবাবগঞ্জে বাজারের ৩৮ দোকানে ডাকাতি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া বাজারে গত রোববার দিবাগত রাতে ৩৮টি দোকানে ডাকাতি হয়েছে। একই রাতে উপজেলার নবীনগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), ফুলবাড়ী উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামের আলাউদ্দিন মিয়া (৪৩) ও চিন্তামন (রাজিকাপুর) গ্রামের ইয়াকুব আলী (৪০)।
কচুয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মমিনুল ইসলাম ও রবিউল ইসলাম দাবি করেন, ডাকাতেরা বাজারের ৩৮টি দোকানের তালা ভেঙে টাকাসহ ১৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
মালভবানীপুর গ্রামের আবুল কালাম আজাদ জানান, রাত পৌনে একটার দিকে তিনি জমিতে পানি দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। বাজারের কাছে এলে মুখোশধারী ১০-১২ জন ডাকাত তাঁকে রশি দিয়ে বেঁধে রাখে। ডাকাতেরা প্রায় দেড় ঘণ্টা ধরে ওই বাজারে ডাকাতি করে। যাওয়ার সময় ডাকাতেরা তাঁর বাইসাইকেল ও সাত হাজার টাকা নিয়ে যায়।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রোববার রাত নয়টায় আফতাবগঞ্জ-নবীনগঞ্জ এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তিনি সেখানে যান এবং এলাকাবাসীর সহায়তায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, চুরি-ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।