নবাবগঞ্জে ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় বাঁ পায়ের গোড়ালির নিচের অংশ কেটে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে নিজ বাড়ি থেকে পুলিশ রবিউলের লাশ উদ্ধার করেছে।
রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন পরিবারের বরাত দিয়ে পজানান, রবিউল ইসলাম ভাদুরিয়া বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। গতকাল ছিল তাঁর দোকানে হালখাতার দিন। রবিউল ইসলামের ছেলে মো. আরাফাত (১৬) পুলিশকে জানিয়েছে, তাঁর মা গত শুক্রবার ঘোড়াঘাটে আত্মীয়র বাড়িতে যান। শনিবার দিবাগত রাতে তাঁর বাবা এবং সে আলাদা দুটি ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আরাফাত দেখতে পায়, তাঁর বাবার ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে বাবাকে ডাকতে থাকলে তিনি না ওঠায় শরীর থেকে লেপ সরিয়ে সে তাঁর বাবার বাঁ পা কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।
ওসি আরও জানান, রবিউল ইসলামের বাঁ পায়ের গোড়ালির নিচ থেকে কাটা রয়েছে। এ ছাড়া ডান পা ও বাঁ হাতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।