নবীগঞ্জ ও কমলগঞ্জে দুই গৃহবধূকে খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামে গতকাল সোমবার শেলী বেগম (২৪) এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ গ্রামে রিমা বেগম (২৪) নামের দুই গৃহবধূ খুন হয়েছেন বলে তাঁদের পরিবারের লোকজন অভিযোগ তুলেছেন।
নবীগঞ্জ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গুমগুমিয়া গ্রামের শিপন মিয়ার সঙ্গে বিয়ের পর থেকেই শেলী বেগমের সম্পর্ক ভালো যাচ্ছিল না। শিপন প্রায়ই শেলীকে মারধর করতেন। এ অভিযোগে প্রায় দুই মাস আগে শেলী বাবার বাড়ি চলে যান। পরে সালিসে সমঝোতা করে স্ত্রীকে ফিরিয়ে আনেন শিপন। গত রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরদিন সকাল ১০টার দিকে বাড়ির লোকজন নিজ ঘরের বিছানায় শেলীর লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
নবীগঞ্জ থানার ওসি আবদুল বাতেন খান বলেন, ঘটনার পর শিপন মিয়া পালিয়ে গেছেন। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত মামলা হয়নি।
কমলগঞ্জ থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে মধ্যভাগ গ্রামের আবদুল হাইয়ের সঙ্গে রিমা বেগমের বিয়ে হয়। আবদুল হাই নানা অপরাধে যুক্ত। এর জের ধরে হাই প্রায়ই রিমাকে শারীরিক নির্যাতন করতেন। রোববার রাতে তাঁদের ঝগড়া হয়। পরদিন সোমবার সকাল আটটার দিকে রিমাকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
আবদুল হাই বলেন, তাঁর স্ত্রী ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রিমার বাবা সুরুজ আলী বলেন, তাঁর মেয়েকে আবদুল হাই শ্বাসরোধ করে হত্যার পর ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার করছেন। কমলগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল আজিজ বলেন, এখনো কেউ অভিযোগ না করলেও পুলিশ স্বামী হাইকে সন্দেহের তালিকায় রেখেছে।