এক স্কুলছাত্রীকে উক্ত্যক্ত এবং ওই ছাত্রীর ভাইকে মারধরের ঘটনায় জড়িত বখাটেদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার তারা ওই কর্মসূচি পালন করে।
পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করে আসছিল শাহিনুর রহমান ওরফে ফলক নামের এক ছাত্র। গত রোববার বিষয়টি ওই ছাত্রী তার বড় ভাইকে জানায়। ঘটনাটি শুনে ওই ছাত্রীর ভাই শাহিনুরের কাছে বিষয়টি জানতে চাইলে উভয়ের মধ্যে বচসা হয়। পরে শাহিনুরের পক্ষ নিয়ে বেশ কয়েকজন তরুণ ওই ছাত্রীর ভাইকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় জড়িত বখাটেদের গ্রেপ্তারের দাবিতে গতকাল হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের রসুলগঞ্জ বাজার এলাকা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবরোধ করে রাখে আবুল খায়ের উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। অবরোধকারীরা সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কের উভয় পাশে কয়েক শ যান আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনাস্থলে যান। তিনি অভিযুক্ত ব্যক্তিদের আটক করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।
ওসি আতাউর রহমান বলেন, ছাত্রীর ভাইকে মারধরের ঘটনায় বক্তারপুর এলাকার শাহিনুর ও তাঁর চাচাতো ভাই আবদুল আওয়ালসহ আটজনের বিরুদ্ধে গত সোমবার ছাত্রীর বাবা মামলা করেছেন। পুলিশ আবদুল আওয়ালকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।