নবীগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুন্দর আলীকে (৫০) গত মঙ্গলবার রাতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দর আলী গত মঙ্গলবার রাত নয়টার দিকে নবীগঞ্জ শহর থেকে রিকশায় বাড়ি ফিরছিলেন। রিকশাটি শহরের নতুন বাজারের পূবালী ব্যাংকের কাছে পৌঁছালে হঠাৎ করে দুর্বৃত্তরা তাঁর রিকশার গতিরোধ করে তাঁকে এলোপাতাড়িভাবে কোপাতে শুরু করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত সুন্দর আলী বলেন, পৌর এলাকার আনমুন গ্রামের সুহেদ ও তাঁর লোকজন পূর্বশত্রুতার জের ধরে তাঁর ওপর হামলা চালায়। এ বিষয়ে তিনি থানায় মামলা করবেন। এ বিষয়ে সুহেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, এ বিষয়ে তিনি সুন্দর আলীর লিখিত অভিযোগ পাননি।