নবীগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার টুনাকান্দি গ্রামে গতকাল শনিবার আমিনা বেগম (৪২) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আমেনা উপজেলার টুনাকান্দি গ্রামের জাবেদ আলীর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাবেদ আলী স্ত্রী আমেনা ও ছেলে আমির আহমেদকে (১৫) নিয়ে বাড়িতে থাকেন। গতকাল শনিবার সকালে শয়নকক্ষে আমেনার গলা কাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ সময় নিহত গৃহবধূর ছেলে আমিরের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তারা তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জাবেদ আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় আমিরের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আতাউর রহমান বলেন, আমেনা বেগম অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়টি তাঁর ছেলে মেনে নিতে পারেনি। এ কারণে মাকে সে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পুলিশের কাছে আমির তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। তবে পুলিশ আজ রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য তাকে হবিগঞ্জ আদালতে হাজির করবে।