নবীগঞ্জে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর গ্রামে টোল প্লাজার কাছে গত বৃহস্পতিবার রাতে দুপক্ষের সংঘর্ষে মধু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত নয়জন।
আহত ব্যক্তিদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত মধু মিয়ার বাড়ি রুস্তমপুর গ্রামে। তিনি স্থানীয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। আহত ব্যক্তিরা হলেন: রুস্তমপুর গ্রামের ভুট্টো মিয়া (৩৫), জামাল মিয়া (৩৪), জয়নাল মিয়া (৫৫), কয়েছ মিয়া (২৫), রুহেল মিয়া (২৫), আবদুল ওয়াহিদ (৪০), আবদুল কালাম (৪৫), নিজাম উদ্দিন (৪০) ও আলী হোসেন (৩৮)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আবদুল মন্নান, আজির উদ্দিন, খোকন মিয়া ও মোজাক্কির হোসেন। তাঁদের বাড়ি রুস্তমপুর গ্রামে।
নবীগঞ্জ থানার পুলিশ জানায়, কিছুদিন আগে রুস্তমপুর গ্রামে জাহির উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির একটি কক্ষ স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন ভাড়া নেন। সন্দেহ হলে ৪ অক্টোবর অসামাজিক কার্যকলাপের অভিযোগে এলাকাবাসী তাঁদের আটক করে মধু মিয়ার হাতে তুলে দেন। মধু মিয়া স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের হাতে আটক দুজনকে তুলে দেন। পরে ওই দুজনের আত্মীয়স্বজন পুলিশের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি ও মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নেন।
স্থানীয় লোকজন বলেন, এ ঘটনায় ওই দুজনের স্বজনেরা মধু মিয়ার ওপর ক্ষিপ্ত হন। বৃহস্পতিবার রাতে মধু মিয়ার সঙ্গে রুস্তমপুর টোল প্লাজায় তাঁদের ঝগড়া হয়। এ সময় ২০-৩০ জনের একটি দল মধু মিয়াকে মারধর করে। হামলাকারীদের কবল থেকে বাবাকে বাঁচাতে গেলে মধু মিয়ার ছেলে মামুনকেও মারধর করা হয়। খবর পেয়ে মধু মিয়ার লোকজন এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। মুমূর্ষু অবস্থায় মধু মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত প্রায় তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।