নবীগঞ্জে সংঘর্ষে স্কুলছাত্র নিহত, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আমড়াখাইর গ্রামে গতকাল বুধবার ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। সংঘর্ষে আহত পাঁচজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ছাত্র নিহত হওয়ার খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুল ইসলাম ভূঁইয়া গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের ফয়েজ উল্লাহর একটি ষাঁড় গ্রামের গোচারণভূমিতে বাঁধা অবস্থায় ছিল। গতকাল সকাল আটটার দিকে একই গ্রামের আবদুল খালেকের ছেলে নাজমুল অপর একটি ষাঁড় নিয়ে ওই ষাঁড়ের সঙ্গে লড়াই বাধিয়ে দেন। এ দৃশ্য দেখে প্রতিবাদ করেন ষাঁড়ের মালিক ফয়েজ উল্লাহর দুজন আত্মীয়। এ নিয়ে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয় নাজমুলের।
এ খবর দুই পক্ষের আত্মীয়স্বজনের কাছে পৌঁছালে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সুজাত মিয়াকে (১৫) মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের অপর মিয়ার ছেলে। সংঘর্ষে আহত ফয়েজ উল্লাহ (৫৫), ছায়েদুল নেহার (৪৫), আল-আমিন (২২), আবদুল্লাহ (৭০) ও জসিমকে (৪২) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা সবাই নিহত সুজাত মিয়ার আত্মীয়স্বজন।
এদিকে এ ঘটনায় গতকাল নিহত সুজাত মিয়ার বাবা অপর মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুল খালেক, তাঁর ছেলে নাজমুল ইসলাম ও শাহিনুর মিয়াকে গ্রেপ্তার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে।