নবীন চিকিৎসকদের অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নবীন চিকিৎসকদের অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার অস্ত্রোপচারের জন্য তাঁকে অ্যানেসথেসিয়া দেওয়ার পর তাঁর আর চেতনা ফেরেনি।
মৃতের নাম সানজিদা আক্তার (২০)। তিনি ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী উকিলকান্দি গ্রামের দক্ষিণ আফ্রিকাপ্রবাসী কামরুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে গতকাল সানজিদাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক না থাকায় পরে তাঁকে পাশের হাজী আলী আজম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। অস্ত্রোপচার করে সন্তান প্রসবের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ১২ হাজার টাকায় চুক্তি হয়। এরপর তাঁকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে অ্যানেসথেসিয়া দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আরেফিন প্রসূতিকে ওই ইনজেকশন দেন। আর চিকিৎসা কর্মকর্তা শারমিন জাহান অস্ত্রোপচার করেন। একটি ছেলেশিশুর জন্ম হয়। কিন্তু সানজিদার আর চেতনা ফেরেনি। তখন ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত ওই প্রসূতিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চিকিৎসক আরেফিন ও চিকিৎসক শারমিন জাহান গত বছরের ১৩ সেপ্টেম্বর চাকরিতে যোগ দেন। তবে আরেফিনের অ্যানেসথেসিয়া প্রয়োগের কোনো প্রশিক্ষণ নেই।
সানজিদার মা রাজিয়া সুলতানা অভিযোগ করেন, ‘তাঁরা কিছু টাকার লোভে আমার মেয়েকে মেরে ফেলেছে।’
ঘটনার পর থেকে চিকিৎসক আরেফিন ও শারমিন হাজী আলী আজম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চলে যান। মুঠোফোনে চেষ্টা করেও শারমিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে আরেফিনের সঙ্গে এই প্রতিবেদকের শরীয়তপুর সদর হাসপাতালে দেখা হয়। কীভাবে প্রসূতির মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি জবাব না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।
হাজী আলী আজম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু সাঈদ বলেন, যাঁদের অবহেলায় রোগী মারা গেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শেখ মোস্তফা খোকন বলেন, মৃত অবস্থায় প্রসূতিকে সদর হাসপাতালে আনা হয়েছে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুছা খান বলেন, শারমিন ও আরেফিন নবীন চিকিৎসক। কেন তাঁরা এমন কাজ করেছেন সে বিষয়টি খতিয়ে দেখা হবে।