নবীনগরে আ.লীগ নেতা ও তাঁর চাচাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তাঁর চাচাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার (৩৫) ও তাঁর চাচা কেরামত আলী (৪৫)। কেরামত আলীকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলার প্রতিবাদে গতকাল রোববার এলাকায় সমাবেশ ও মিছিল হয়েছে।
এলাকাবাসী ও আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে বীরগাঁও কলেজমাঠে জঙ্গিবাদবিরোধী সমাবেশ হওয়ার কথা ছিল। ওই সমাবেশের প্রচারণা চালাতে গত বুধবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে হামিদ মিয়া নামের এক ব্যক্তি গাছতলা গ্রামে মাইকিং করেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ ওরফে আইয়ুব ও তাঁর সহযোগীরা হামিদকে মারধর করে মাইকটি ভেঙে ফেলেন।
বিষয়টি নিয়ে গত শনিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার দুজন সহযোগী নিয়ে বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলতে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাজিদ মাহমুদ ও তাঁর সহযোগীরা হোসেন সরকারের ওপর হামলা চালান। তখন হোসেনকে বাঁচাতে তাঁর চাচা কেরামত আলী এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের কুপিয়ে আহত করেন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কেরামত আলীকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, হোসেন সরকারের মাথা, ডান হাত ও বাঁ পায়ে কোপের আঘাত রয়েছে। কেরামত আলীর মাথায় পাঁচটি ও ডান পায়ে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তাঁর ডান হাতের কনুইয়ের ওপরের অংশ ভেঙে গেছে।
এ বিষয়ে কথা বলতে সাজিদ মাহমুদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় গতকাল হোসেন সরকারের বড় ভাই ধন মিয়া ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালছে।