নবীনগরে কথিত বন্দুকযুদ্ধে 'ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাজল মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের আওয়ালভাঙ্গা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।

নিহত কাজলের বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়ার ছিল।

নবীনগর থানা-পুলিশের ভাষ্য, গতকাল মধ্যরাতে আওয়াল সেতু এলাকার মহেশ রোডে গাছের গুঁড়ি ফেলে এক দল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে নবীনগর থানার টহল পুলিশ অভিযান চালাতে সেখানে পৌঁছায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতেরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে এক ডাকাত নিহত হয়। পরে জানা যায়, তাঁর নাম কাজল মিয়া। তিনি সংঘবদ্ধ ওই ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, দুটি কার্তুজ ও চারটি রামদা উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বন্দুকযুদ্ধে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম (৩৫) এবং দুই কনস্টেবল ফরহাদ হোসেন (২৬) ও মো. সালাউদ্দিন (২৮) আহত হন। তাঁদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কাজলের পরিবারের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার হোসেন প্রথম আলোকে বলেন, কাজল ডাকাতের কারণে, বিশেষ করে রাতে ইউনিয়নসহ উপজেলাবাসী নিরাপদে ও শান্তিতে চলাফেরা করতে পারত না।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত ও দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে নবীনগর থানায় অস্ত্র, বিস্ফোরক ও খুনের ঘটনায় একটি করে এবং ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশ নয়টি গুলি ছুড়েছে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।