নবীনগরে খাসজমি ভরাট করে দখল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি খাসজমিতে বালু ভরাট করে আলী আহাম্মদ নামের এক ব্যক্তি দখল করেছেন। বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের পাশে সলিমগঞ্জ বাজারের এ জমির দখল ছাড়তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত ১১ ডিসেম্বর সাত দিনের সময় বেঁধে দিলেও তা মানা হয়নি।
সলিমগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বাড়াইল মৌজার বিএস ২৬৭ দাগে ২০ শতক জায়গা নিলখী গ্রামের কাঠব্যবসায়ী আলী আহাম্মদ বালু ভরাট করে দখল করেছেন। পরে ১১ ডিসেম্বর ইউনিয়ন ভূমি কার্যালয় এ জায়গা মাপজোখ করে দেখে প্রায় সম্পূর্ণ জমিই দখল করা হয়েছে। এর পূর্ব দিকে আহাম্মদের একটি তিনতলা ভবন রয়েছে, যা সরকারি খাস জায়গার ২১০ বর্গফুট দখল করেছে।
সরেজমিনে দেখা যায়, দখল হওয়া জায়গাটিতে খুঁটি বসানো। এর পাশে আলী আহাম্মদের নিজস্ব জায়গা ভরাট করে তিনি দোকান নির্মাণ করছেন।
সলিমগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, উপজেলা সার্ভেয়ার নিয়ে জায়গা মেপে পাকা খুঁটি দিয়ে দখল চিহ্নিত করা হয়েছে। আহাম্মদকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বালু না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আলী আহাম্মদের ছেলে রাজীব হোসেন বলেন, নিজেদের জায়গা ভরাট করতে গিয়ে সরকারি কিছু জায়গা ভরাট হয়ে গেছে। আর তিনতলা ভবনটি আট-নয় বছর আগে জায়গাসহ কেনা হয়েছে, যার একদিকে প্রায় ৯০ বর্গফুট খাস জায়গা রয়েছে।
নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালীউল হাছান গতকাল রোববার সলিমগঞ্জে খাস জায়গায় বালু ভরাট করে দখল করা এলাকা পরিদর্শন করেন। তিনি মুঠোফোনে বলেন, আলী আহাম্মদকে ডেকে নিয়ে বালু দ্রুত সরিয়ে নিতে বলেছি, তিনি (আলী আহাম্মদ) আরও ১৫ দিনের সময় চেয়েছেন। তাঁকে আগামী ৫ জানুয়ারির মধ্যে বালু সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, খাস জায়গায় ভবন তৈরির বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে প্রতিবেদন নিয়ে শিগগিরই উচ্ছেদ মামলা করা হবে।