নবীনগরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দুলু মিয়া (৬০)। তাঁর ভাতিজার নাম নজরুল ইসলাম (৩০)। তাঁদের বাড়ি জল্লিকান্দি গ্রামে।
পরিবার সূত্র জানায়, জল্লিকান্দি গ্রামে আগামীকাল ওয়াজ মাহফিল হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি ও সভাপতির নাম চূড়ান্ত করা নিয়ে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দুলু মিয়ার ছেলে ইয়ারমিনের সঙ্গে চাচাতো ভাই নজরুল ইসলামের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ইয়ারমিনকে রক্ষা করতে দুলু মিয়া সেখানে যান। এ সময় দুলু মিয়া লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মো. ইয়ারমিন অভিযোগ করেন, নজরুল লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে বাবা মারা যান। ওই ঘটনার পর থেকে নজরুল ইসলাম পলাতক রয়েছেন। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।