নবীনগরে ছুরিকাঘাতে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে তাহের মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাহের খড়িয়ালা গ্রামের ছোবহান মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার তাঁর মালদ্বীপ যাওয়ার কথা ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, খড়িয়ালা গ্রামের প্রতিবেশী আবুল খায়েরের ছেলে সুমন মিয়ার মাধ্যমে মালদ্বীপ যাওয়ার ব্যবস্থা হয় তাহেরের। তাহেরের পরিবার বিদেশ যাওয়া বাবদ আবুল খায়েরকে টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তাহেরের পরিবার বিদেশ যাওয়ার ভিসা বাবদ আবুল খায়েরকে টাকা না দিয়ে সুমনের কাছে টাকা পরিশোধ করে। এ নিয়ে সকালে তাহেরের সঙ্গে আবুল খায়েরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল খায়ের তাহেরের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।