নবীনগরে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে সুজিত সাহা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার মাঝিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতের দল স্বর্ণালংকার ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও সুজিতের (৪০) পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে সুজিতের টিনের দোকান আছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দরজা ভেঙে কয়েকজন ডাকাত তাঁর ঘরে ঢোকে। পরে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে জখম করে এবং স্বর্ণালংকারসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাঁর স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা সুজিতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুজিতের স্ত্রী স্মৃতি সাহা প্রথম আলোকে বলেন, ‘দরজা ভাইঙ্গা চার-পাঁচজন ডাকাত ঘরে ঢুইকাই আমার স্বামীকে লোহার রড দিয়া মাথায় এবং ছুরি দিয়া পেটে আঘাত কইরা কম্বল দিয়া বইলা (মুড়িয়ে) ফেলে। এরপর আমার নিজের ২০ ভরিসহ ৬০ ভরি স্বর্ণালংকার ও অন্য মালামাল লুট কইরা নিয়া গেছে। এক ডাকাত ছিল মুখোশ পরা।’ ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ডাকাতি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েকটি বিষয় মাথায় রেখে এগিয়ে যাচ্ছি। আশা করছি, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগির শনাক্ত করা সম্ভব হবে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সুজিতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।