নবীনগরে ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যবসায়ী সুজিত সাহা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁদের নিজ বাড়িতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামের মোয়াজ্জেম হোসেন এবং নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের লিটন চন্দ্র সরকার। নবীনগর থানার একদল পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী সুজিত সাহার হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় তথ্যের ভিত্তিতে লিটন চন্দ্র সরকার ও মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে একটি হত্যা ও তিনটি ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের ব্যবসায়ী সুজিত সাহার ঘরের দরজা ভেঙে ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন শুক্রবার রাত ১১টার দিকে নিহতের স্ত্রী স্মৃতি রানী সাহা বাদী হয়ে কারও নাম না উল্লেখ করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াহ আহমেদ বলেন, মোয়াজ্জেম ও লিটনকে ব্যবসায়ী সুজিত সাহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।