নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশ ওই হাসপাতালের মালিককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় প্রসূতির স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করেছে।
এই ঘটনায় প্রসূতির স্বামী সেলিম মিয়া বৃহস্পতিবার রাতে নবীনগর থানায় মামলা করেছেন। মামলায় হাসপাতালের মালিক ফরিদ আহমেদ (৫৫) ও চিকিৎসক শফিকুল ইসলামকে আসামি করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিবার, মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের সেলিম মিয়ার স্ত্রী শরীফা আক্তার ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত বৃহস্পতিবার সকালে প্রসবজনিত ব্যথা উঠলে বাড়ির লোকজন শরীফাকে উপজেলা সদরের হাসপাতাল সড়কে অবস্থিত আহমেদ প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে শরীফার পরিবারের লোকজনের কাছে শফিকুল ইসলাম নামের এক চিকিৎসক নিজেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেন। ওই চিকিৎসক ফরিদ আহমেদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই শরীফার অস্ত্রোপচারের পরামর্শ দেন। দুপুরে অস্ত্রোপচারের পর শরীফা পুত্রসন্তানের জন্ম দেন। পরে শরীফার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
মো. সেলিম মিয়া অভিযোগ করে বলেন, ‘সন্তান জন্মের পর শরীফা ভালো আছে বলে আমাদের জানান ওই চিকিৎসক। পরে অবস্থার অবনতি হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। ওই হাসপাতালে শরীফাকে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়। তারপরও শরীফার রক্তপাত বন্ধ হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে বিকেলে শরীফা মারা যান।
এদিকে মৃত্যুর খবর জানতে পেরে শরীফার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওই হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হাসপাতালের চিকিৎসক কৌশলে সরে পরেন।
শরীফার এক স্বজন বলেন, ‘সার্জন না হয়েও ভুয়া পরিচয় দিয়ে ওই চিকিৎসক শরীফার সিজার করান। ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীফা মারা যান। সময়মতো কুমিল্লায় নিতে পারলে হয়তো শরীফাকে বাঁচাতে পারতাম।’
গ্রেপ্তারের আগে ফরিদ আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ভর্তির সময় রোগীর অবস্থা খারাপ ছিল। তাঁদের অনুরোধে সব নিয়মনীতি অনুসরণ করেই অস্ত্রোপচার করানো হয়।
নবীনগর থানার ওসি আসলাম সিকদার বলেন, হাসপাতালের মালিককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওই চিকিৎসককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।