নবীনগরে ভূমি কার্যালয়ে হামলায় একজন আহত, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি কার্যালয়ে (অ্যাসিল্যান্ড কার্যালয়) হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে ওই কার্যালয়ের এক কর্মচারী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন নবীনগর পৌর এলাকার মো. আবুল বাশার ও তাঁর ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন। এ ঘটনায় আহত ভূমি কার্যালয়ের সহকারী মো. শরীফ উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কার্যালয়ের জারিকারক মো. আলমগীর হোসেন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আবুল বাশার আমাকে একটি পুরোনো নথি খুঁজে বের করতে বলেন। কিন্তু এটি খুঁজে বের করতে দেরি হওয়ার কথা বললে তিনি আমাকে গালিগালাজ করতে থাকেন। এ বিষয়টি সঙ্গে সঙ্গে আমি এসিল্যান্ড স্যারকে জানাই। স্যার তখন ওনাকে ডেকে নিয়ে বসতে বলেন। এতে আবুল বাশার আরও ক্ষিপ্ত হন। এর কিছুক্ষণ পর তাঁর ছেলে মনির হোসেনসহ আরও তিন-চারজন কার্যালয়ে এসে অতর্কিতে হামলা চালিয়ে মো. শরীফ উদ্দিনকে মারধর করে এবং কয়েকটি আলমারি ও টেবিল ভাঙচুর করে।’

সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালীউল হাছান বলেন, ‘আবুল বাশার সাহেব পুরোনো একটি নথি চাওয়ার পর তাঁকে বসতে বলতেই তিনি ক্ষিপ্ত হন। কয়েক মিনিট পরেই চার-পাঁচজন মিলে আমার কার্যালয়ে হামলা চালিয়ে আলমারি ভাঙচুর করে ও এক কর্মচারীকে মারধর করে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, ‘এসিল্যান্ড অফিসে হামলার কথা শুনে আমি পুলিশ নিয়ে গিয়ে এসিল্যান্ডসহ কর্মচারীদের উদ্ধার করি।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহাম্মেদ বলেন, ‘এসিল্যান্ড স্যারের কার্যালয়ে হামলার ঘটনায় ওই কার্যালয়ের জারিকারক আলমগীর হোসেন বাদী হয়ে আবুল বাশার, মনির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।