নবীনগরে যুবক খুন, বাবার বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জের ধরে এক যুবককে তাঁর বাবা খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে নবীনগর পৌরসভার হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আমজাদ হোসেন (৩২)। তিনি হাসপাতাল রোড এলাকার ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত যুবকের মা জাহানারা বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ফরিদ মিয়া পলাতক।
পুলিশ, এলাকাবাসী ও নিহত যুবকের স্বজনেরা জানান, ১২ বছর ওমানে চাকরি শেষে চার মাস আগে আমজাদ দেশে ফেরেন। দুই মাস আগে তিনি উপজেলার আলীয়াবাদ গ্রামের মর্তুজ আলীর মেয়ে খালেদা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বাবার সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। এর জের ধরে গতকাল বিকেলে ঘুমিয়ে থাকা আমজাদের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ফরিদ মিয়া। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি।