নবীনগরে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে দুই যুবকের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি হলেন মোহল্লা গ্রামের গোলাম কবির (৪৫)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহল্লা গ্রামের সৌদি আরবপ্রবাসী মতি মিয়ার ভাতিজা মো. গফুর ও উবায়দুল হক গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে জুয়া খেলার অর্থ লেনদেনেকে কেন্দ্র করে গত বুধবার রিয়াদে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গত শুক্রবার দুপুরে মতি মিয়া ও উবায়দুল হকের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মতি মিয়ার পক্ষের গোলাম কবির টেঁটাবিদ্ধ হন। এ সময় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। গোলাম কবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। এ ঘটনায় উবায়দুল পক্ষের মো. মাইনউদ্দিন, আবু তালেব, আলী রহমত ও আরশ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, নিহত ব্যক্তির বাবা ইব্রাহীম আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।