নব্য জেএমবির অস্ত্রের জোগানদাতা মাহফুজ

চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহ ছিলেন নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের জোগানদাতা। তিনি হোলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনা বৈঠকেও উপস্থিত ছিলেন। দুর্ধর্ষ এই জঙ্গি ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলারও আসামি। তাঁকে ধরিয়ে দিতে ভারতের পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।
পুলিশ জানায়, তিন সহযোগীসহ সোহেল মাহফুজকে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ভারতীয় পুলিশ জিজ্ঞাসাবাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক আইনি সহযোগিতা চুক্তি (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি) রয়েছে। এর আওতায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভারতীয় পুলিশ সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
সোহেল মাহফুজকে গতকাল শনিবার ঢাকায় আনা হয়। তাঁর বিষয়ে জানাতে গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মনিরুল ইসলাম বলেন, হোলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত আসামিদের জিজ্ঞাসাবাদ করে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজের নাম পায় পুলিশ। নব্য জেএমবির যে বৈঠকে হোলি আর্টিজানে হামলার পরিকল্পনা করা হয়, তাতে এই মাহফুজও উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম বলেন, ২০১৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ এবং দুজনের প্রাণহানির পর ভারতীয় পুলিশ সোহেল মাহফুজকে খুঁজতে শুরু করে। ভারতে তিনি নসরুল্লাহ নামে পরিচিত। তাঁকে ধরিয়ে দিতে ভারতীয় পুলিশ তখন ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে। সে সময় সোহেল মাহফুজ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় চলে আসেন এবং নব্য জেএমবির সঙ্গে যুক্ত হন।
সোহেল মাহফুজ দীর্ঘদিন ধরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে যুক্ত। তাঁর বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর চরসাদীপুর ইউনিয়নের কাবলিপাড়ায়। তাঁর বাবা রেজাউল করিম এলাকায় জমি মাপজোখের (আমিন) কাজ করেন।
চরসাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, সোহেল মাহফুজের ডাকনাম হাসান। মাধ্যমিক পরীক্ষার পরই তিনি জঙ্গিবাদে জড়ান। ১০-১২ বছর ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি। তাঁর ছোট ভাই হাফিজ সাত-আট মাস আগে র্যাবের হাতে গ্রেপ্তার হন। এ ছাড়া তিনি হোলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং পরে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত নুরুল ইসলাম ওরফে মারজানের আত্মীয় বলে জানা গেছে।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, সোহেল মাহফুজ শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের সময়ে জঙ্গিবাদে জড়ান। পরে এ দুজনের ফাঁসির পর সাইদুর রহমানের নেতৃত্বাধীন জেএমবিতে যুক্ত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড় শুরু হলে ২০০৬ সালে তিনি সীমান্ত পার হয়ে ভারতে চলে যান এবং সেখানে জেএমবিকে সংগঠিত করার কাজে যুক্ত ছিলেন। পরে নব্য জেএমবিতে যোগ দেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সোহেল মাহফুজকে গ্রেপ্তারে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া পুলিশ এবং পুলিশ সদর দপ্তরের একটি দল। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, সোহেল মাহফুজের সঙ্গে নব্য জেএমবির আরও তিন জঙ্গি গ্রেপ্তার হন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের জামাল ওরফে মোস্তফা (৩৪), শিবগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের হাফিজুর রহমান ওরফে হাসান (২৮) ও বিশ্বনাথপুর কাটিয়াপাড়া গ্রামের জুয়েল ওরফে ইসমাইল।
অবশ্য সাউথএশিয়ানমনিটরডটকম নামে কুয়ালালামপুরভিত্তিক অনলাইন সংবাদমাধ্যমে ১ জুলাইয়ের এক প্রতিবেদনে বলা হয়, সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহ ২৯ জুন বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়েছেন। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি সূত্রের বরাতে তারা এ তথ্য পেয়েছে বলে জানায়। অবশ্য এ বিষয়ে বাংলাদেশ পুলিশ কোনো ব্যাখ্যা দেয়নি।
গতকাল সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, সোহেল মাহফুজের জঙ্গি কার্যক্রমে যুক্ত হওয়ার ইতিহাস পুরোনো। তিনি ২০০৪ সালে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের নেতৃত্বে রাজশাহীতে ‘সর্বহারা’ নিধনের নামে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়ান। ককটেল নাড়াচাড়ার সময় তাঁর হাত উড়ে যায়। এ কারণে তিনি হাতকাটা মাহফুজ নামেও পরিচিতি পান।
মনিরুল ইসলাম বলেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব্য জেএমবির নেতৃত্বে আসা মাঈনুল ওরফে মুসার সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল সোহেল মাহফুজের। হোলি আর্টিজান বেকারিতে হামলার পর তাঁর সঙ্গে দেখা করেন মুসা। নব্য জেএমবির জন্য অস্ত্র ও বিস্ফোরক কিনতে সোহেল মাহফুজকে টাকা দেন মুসা। গত মার্চে মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মুসা নিহত হন।
মনিরুল জানান, সোহেল মাহফুজ ভারতে নব্য জেএমবির নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছিলেন। তিনি সেখানে নব্য জেএমবির আমিরের দায়িত্বও পালন করেন।
রাজশাহী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজশাহীর গোদাগাড়ী ও তানোরের জঙ্গি আস্তানায় সোহেল মাহফুজের যাতায়াত ছিল। গত ১১ জুন তানোরে স্কুলশিক্ষক রমজানের বাড়িতে অভিযানের সময় নতুন ধরনের টিএটিপি নামের বিস্ফোরক পায় পুলিশ। মাহফুজ এসব বিস্ফোরক ভারত থেকে এনে ওই বাড়িতে মজুত রেখেছিলেন বলে পুলিশ পরে জানতে পেরেছে। এ ছাড়া গত ১১ মে গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামের যে বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছিল, সেখানেও মাহফুজের যাতায়াত ছিল।
পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সোহেল মাহফুজ উত্তরাঞ্চলে নব্য জেএমবিকে সংগঠিত করছিলেন। তিনি বলেন, ‘আমরা সোহেল মাহফুজকে দীর্ঘদিন ধরে খুঁজছি। এর আগেও তাকে কয়েকবার টার্গেট করা হয়েছে, কিন্তু সে অল্পের জন্য পালিয়ে যায়। সোহেল গ্রেপ্তার হওয়ায় উত্তরাঞ্চলে জঙ্গিদের নেটওয়ার্ক তছনছ হয়ে গেছে।’
পুলিশ জানায়, আজ রোববার সোহেল মাহফুজকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়া প্রতিনিধি)