নব্য জেএমবির আঞ্চলিক সামরিক কমান্ডারসহ তিনজন রিমান্ডে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির আঞ্চলিক সামরিক কমান্ডারসহ তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ওই তিনজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের পাশে গতকাল বুধবার অভিযান চালিয়ে নব্য জেএমবির ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে বিস্ফোরকজাতীয় গুঁড়া পদার্থ, বিস্ফোরক ও বোমা তৈরির নথিপত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নব্য জেএমবির ময়মনসিংহ অঞ্চলের সামরিক কমান্ডার সাব্বির হোসেন ওরফে বামছি ব্যারেক ওরফে মেজর বামছি ওরফে আবু হাফস আল বাঙ্গালি ওরফে খালেদ ওরফে জন ডেভিড, তাঁর সহযোগী রবিউল ইসলাম ওরফে ওসমান এবং নাঈম মিয়া।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত পৌনে আটটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম–সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের সামনে থেকে জঙ্গি সাব্বির, রবিউল ও নাঈম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর অপর দুই সহযোগী পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, সাব্বির হোসেন অনলাইনে দাওয়াত পেয়ে ২০১৬ সালে নব্য জেএমবিতে যোগ দেন। এরপর থেকেই তিনি অনলাইন ও সশরীর গিয়ে দাওয়াতি কার্যক্রম চালাতেন। তিনি অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও দেখে বোমা বানানো শেখেন। তিনি নব্য জেএমবির আইইডি তৈরির অন্যতম কারিগর।
পুলিশ কর্মকর্তা রহমতউল্লাহ বলেন, জঙ্গি নেতা সাব্বির তাঁর গ্রেপ্তার দুই সহযোগী ও পলাতক আসামিদের নিয়ে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কুড়িগ্রামসহ ঢাকা শহরে দীর্ঘদিন ধরে তাঁদের সংগঠনের সদস্য সংগ্রহের উদ্দেশ্যে দাওয়াতি কার্যক্রম পালন করে আসছিলেন। তাঁর অধীন ২০ জন সক্রিয় সামরিক সদস্য রয়েছেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি টাঙ্গাইলে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ মজলিশ গঠন করেন। জেএমবির কারাবন্দী শীর্ষ জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের পরিবারের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। নাঈম মিয়া চলতি বছরে উগ্রবাদী জঙ্গি সংগঠনে যোগ দেন।
আদালতে করা রিমান্ডের আবেদনে বলা হয়, রাজধানীতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যে তাঁরা সেখানে একত্র হয়েছিল।
জঙ্গি মনির আবার রিমান্ডে
কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার জঙ্গি মনির খানের আজ বৃহস্পতিবার আবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ দুদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই জুলফিকার আলী। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) সত্যব্রত শিকদারের আদালত তাঁর এক দিনের রিমান্ডের আদেশ দেন।