নব্য জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার
নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন ধর্মীয় উগ্রবাদের বিরোধিতাকারী একজন আলেমকে হত্যার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের কর্মকর্তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে বোতল ওরফে মাসরুর (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদী হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ। তাঁদের গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে জানাতে গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল এই ছয়জনকে গত রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর নিউমার্কেটের পাশের নিউ সুপার মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে মুঠোফোন, বিভিন্ন কাগজপত্র, নোটবুক, উগ্রবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যসমৃদ্ধ পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিদের পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ করা হয়নি। তবে তাঁরা বিভিন্ন মাদ্রাসার পড়তেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজানে হামলার বর্ষপূর্তির পাশাপাশি রমজান মাসে নাশকতামূলক কর্মকাণ্ড করতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর নির্দেশ বাস্তবায়নের জন্য বৈঠক করছিলেন গ্রেপ্তার ছয়জন। তাঁদের মধ্যে জাহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক দেশের একজন শীর্ষ আলেমকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়ি পর্যবেক্ষণ করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা এবং ইসলামের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নেই—এমন বক্তব্য দেওয়া আলেমদের মধ্যে এই আলেম একজন বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। তবে কৌশলগত কারণে ওই আলেমের নাম প্রকাশ করেননি।
গ্রেপ্তার ছয়জনের সবাই বিভিন্ন মাদ্রাসায় পড়তেন উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার মোহাম্মদুল্লাহ আদনান নিউমার্কেটের একটি মসজিদে তারাবির নামাজ পড়াতেন। জাহিদুল ইসলাম গ্রেপ্তার ছয়জনের সংগঠক ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, তাঁরা নব্য জেএমবির নেতা আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই এবং আর্চার নামে আরেকজনের নির্দেশ অনুযায়ী কাজ করছিলেন। তাঁদের ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অস্ত্রসহ অন্যান্য ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা নামে আরেক জঙ্গি সহযোগিতা করছিলেন। নব্য জেএমবির পাঁচ শুরা সদস্যের পরেই আবু জান্দালের অবস্থান বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, আইয়ুব বাচ্চু পলাতক রয়েছেন, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।