নব্য জেএমবির নতুন প্রস্তুতি

গুলশানে হলি আর্টিজানে হামলার আট মাসের মধ্যে নতুন নেতৃত্বে সংগঠিত হয়েছে নব্য জেএমবি। এবার তারা আরও বড় আক্রমণের লক্ষ্যে সদস্যদের আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করছে।
সম্প্রতি গ্রেপ্তার হওয়াজঙ্গিদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। এই সূত্রগুলো বলছে, আইএস মতাদর্শ অনুসরণকারী উগ্রপন্থী এই গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদেশি নাগরিক, বিশিষ্ট ব্যক্তিদের তাদের লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে গত শুক্রবার র্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার পর রাজধানীতে সব থানাসহ র্যাব-পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা ও সতর্কতা বাড়ানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনের নিরাপত্তার বিষয় নিয়ে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে।
জঙ্গিবিরোধী অভিযান ও নজরদারিতে যুক্ত সূত্রগুলো বলেছে, গুলশানে হলি আর্টিজানে হামলার পর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বড় ধরনের বেশ কয়েকটি অভিযান হয় এবং তামিম চৌধুরীসহ নব্য জেএমবির বেশ কয়েকজন নেতা নিহত ও গ্রেপ্তার হন। এরপর এই জঙ্গি গোষ্ঠী অর্থ, অস্ত্র ও জনবলসংকটে পড়েছিল। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে কিছুটা স্বস্তিও ছিল। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন তৎপরতা ও গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হয়েছে যে নব্য জেএমবির সদস্য সংগ্রহ বন্ধ হয়নি।

অবশ্য নতুন সদস্য সংগ্রহের আলামত পাওয়া যায় গত বছরের ৮ অক্টোবর গাজীপুরে র্যাব-পুলিশের অভিযানেও। ওই অভিযানে নিহতদের মধ্যে দুজন ইব্রাহিম ও সাইফুর রহমান হলি আর্টিজানে হামলার এক মাস পর গত আগস্টে বাড়ি ছেড়েছিলেন। ওই একই সময়ে বাড়ি ছাড়ে রাজধানীর মিরপুরের ‘ও লেভেল’ পড়ুয়া দুই খালাতো ভাই আহমেদ রাফিদ হাসান ও আয়াদ হাসান। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে এই দুজনও আছে বলে ছবি থেকে পুলিশ ধারণা করছে।
পুলিশ সূত্র জানায়, ৮ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় গ্রেপ্তার হওয়া আহমেদ আজওয়াজ ইমতিয়াজ তালুকদারও জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁরা নতুন সদস্য সংগ্রহ করেছেন। একই সঙ্গে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিয়ে পরবর্তী আক্রমণের পরিকল্পনা করেছে তাদের সংগঠন।
সাবেক সেনা কর্মকর্তার ছেলে আহমেদ আজওয়াজসহ দুজন চট্টগ্রাম থেকে হাতে তৈরি বোমা নিয়ে ঢাকা আসার পথে ধরা পড়েন। তাঁরা এর আগে দুই বোমার দুটি চালান চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছান বলে আজওয়াজ রিমান্ডে পুলিশকে বলেছেন।
ঢাকায় কাউন্টার টেররিজম ইউনিটের একটি সূত্র জানায়, ঢাকায় টানা অভিযান ও নজরদারির কারণে জঙ্গিরা প্রস্তুতির জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও চট্টগ্রামকে বেছে নেয়। এর বাইরে খুলনা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজধানী ঢাকায় নব্য জেএমবি কিছু ‘সেফ হাউস’ বা আস্তানা গড়ে তুলেছে বলে কাউন্টার টেররিজম ইউনিটের কাছে তথ্য রয়েছে।
চট্টগ্রাম পুলিশের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, মাস দেড়েক আগে ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তর থেকে চট্টগ্রাম পুলিশকে জানানো হয় যে নাইক্ষ্যংছড়ি এলাকায় নব্য জেএমবি আস্তানা গেড়েছে। পরে ওই জঙ্গিরা মিরসরাই ও সীতাকুণ্ডের দিকে এসে আস্তানা গাড়ে। সীতাকুণ্ডে দুটি আস্তানায় অভিযানের পর পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপমহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত বিদেশিদের লক্ষ্যবস্তু করে জঙ্গিরা সেখানে জড়ো হচ্ছিল।
চট্টগ্রাম পুলিশ বলছে, মাঈনুল ইসলাম ওরফে মুসার (২৯) নেতৃত্বে চট্টগ্রামে নব্য জেএমবি নতুন করে সংগঠিত হয়েছে বলে তারা তথ্য পেয়েছে। ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর পাস করা রাজশাহীর বাগমারার মুসা এর আগে ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানা গড়ে তুলেছিলেন। গত ২৪ ডিসেম্বর ওই আস্তানায় পুলিশ অভিযান চালায়। সেখানে এক নারী আত্মঘাতী হামলাও চালান। মুসা এবং ইতিপূর্বে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী আত্মসমর্পণ করেন। তখন ওই আস্তানা থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পায় যে নব্য জেএমবি নতুন করে আক্রমণের প্রস্তুতি ও পরিকল্পনা করছে। ওই অভিযানের পর মুসা চট্টগ্রামের দিকে আস্তানা গাড়েন।
চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সম্প্রতি যেসব বোমা জঙ্গিরা ব্যবহার করেছে, সেগুলোর কারিগর অপর এক জঙ্গি। তার সম্পর্কে কিছু তথ্য পুলিশ পেয়েছে। নতুন তৈরি এসব বোমা আগের চেয়ে বেশি শক্তিশালী এবং আকার বড় বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের কর্মকর্তারা জানান।
তবে ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, তামিম চৌধুরী নিহত হওয়ার পর নতুন করে সক্রিয় নব্য জেএমবিতে মুসা গুরুত্বপূর্ণ নেতা হলেও প্রধান নন। নব্য জেএমবির নতুন প্রধানকে শনাক্ত করার চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জের আস্তানা থেকে উদ্ধার করা একটি চিঠি থেকে নব্য জেএমবির সদস্যসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ২০১৫ সালের ২ আগস্ট ওপরের নেতাদের কাছে তামিমের পাঠানো ওই চিঠিতে বলা হয়, তখন তাদের সদস্যসংখ্যা ছিল ৩০০। তাদের মধ্যে ৩১ জন মুহাজির (যিনি সংগঠনের জন্য নিজ বাসস্থান ত্যাগ করেছেন), ৬ জন আশকারি (প্রশিক্ষিত জঙ্গি), ৩ জন শুরা সদস্য, গণমাধ্যম দেখার দায়িত্বে ৩ জন, বোমা তৈরির কারিগর বা বিস্ফোরক বিষয়ে দক্ষ ২ জন, ছাত্র (প্রশিক্ষণার্থী) ৫ জন। অন্যরা সাধারণ সদস্য।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের আগস্টের পর থেকে হলি আর্টিজানে হামলার আগ পর্যন্ত নব্য জেএমবির ১৫০ জনকে গ্রেপ্তার এবং বিভিন্ন অভিযানে বন্দুকযুদ্ধে ও বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ১০ জন নিহত হয়। হলি আর্টিজানে হামলার পর থেকে গতকাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযান, বন্দুকযুদ্ধ ও আত্মঘাতী হামলায় নব্য জেএমবির ৪৫ জন নিহত হয়। তাদের মধ্যে নব্য জেএমবির প্রথম পর্যায়ের বেশ কয়েকজন নেতা রয়েছেন। এ ছাড়া আরও কিছু সদস্য গ্রেপ্তারও হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, তাঁরা মনে করছেন, এখন ৩০-৩৫ জন প্রশিক্ষিত জঙ্গি নব্য জেএমবিতে রয়েছে। এর বাইরে আরও কিছু সাধারণ সদস্য ও সমর্থক আছে।
কর্মকর্তারা মনে করছেন, নব্য জেএমবির আক্রমণের পুরোনো লক্ষ্যবস্তু বিদেশি নাগরিক, পীর-খানকা ও অন্য ধর্মীয় গুরু ছাড়া তারা এখন র্যাব-পুলিশের ওপরও হামলা চালাতে পারে। তারা যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, তাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও লক্ষ্যে পরিণত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া তাদের অর্থ ও বিস্ফোরকের উৎস এখনো বন্ধ হয়নি; বরং অর্থের ভালো উৎস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ডে অভিযানে ছিলেন এমন এক কর্মকর্তা বলেন, তাঁরা সেখানে জঙ্গিদের প্রচণ্ড আক্রমণাত্মক দেখেছেন, যা এর আগে দেখেননি। ওই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার জঙ্গি দম্পতি বলেছে, তাদের বলা হয়েছিল, যদি তাগুত (আইনশৃঙ্খলা বাহিনী) আসে, তখন বাসস্থানকে কবরস্থান বানিয়ে ফেলতে হবে। অর্থাৎ আত্মঘাতী হতে হবে।
এ ব্যাপারে জঙ্গিবিষয়ক বিশ্লেষক আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান প্রথম আলোকে বলেন, জঙ্গিরা যে আবার আক্রমণাত্মক জায়গায় চলে গেছে এবং বড় ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছে, তার আলামত পরিষ্কার। তাঁর মতে, র্যাবের ব্যারাকে আক্রমণ ও অল্প সময়ে আইএসের নামে দায় স্বীকারের ঘটনা প্রমাণ করে যে একটা যোগাযোগের মধ্য দিয়ে ওই হামলা হয়েছে।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল বগুড়ায় পুলিশ লাইনস মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, হলি আর্টিজান, শোলাকিয়াসহ সাতটি সফল অভিযানে প্রধান জঙ্গিরা নিহত হয়েছেন। তবে বাংলাদেশে এখনো জঙ্গি সম্পূর্ণ নির্মূল হয়নি। কিছু বীজ রয়ে গেছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জঙ্গিরা তৎপরতা অব্যাহত রেখেছে। জঙ্গি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।