নব্য জেএমবির ভারতীয় শাখার আমির সোহেল : পুলিশ

গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ সোহেল মাহফুজ নব্য জেএমবির ভারতীয় শাখার আমির ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম আজ শনিবার সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন। তিনি বলেন, জেএমবি প্রতিষ্ঠার সময় থেকেই সোহেল সংগঠনটির সঙ্গে জড়িত।
গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা উপজেলার পুষ্কনি এলাকার একটি আমবাগান থেকে সোহেল মাহফুজ ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট অংশ নেয়।
মনিরুল ইসলাম বলেন, সোহেল ২০০৪ সালে রাজশাহীর বাগমারার হামিরকুৎসায় সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের জাগ্রত মুসলিম জনতার সঙ্গে যুক্ত হয়ে ‘সর্বহারা’ নিধনে যুক্ত হন। ককটেল ছোড়ার সময় তাঁর হাত উড়ে যায়। ধরপাকড় শুরু হলে ২০০৬ সালে তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানে নব্য জেএমবির ভারতীয় শাখার আমির নির্বাচিত হন। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে এই সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহর একজন ১০ লাখ রুপি পুরস্কার ঘোষিত ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি।
এই পুরস্কার ঘোষণার পর সোহেল ভারত থেকে চলে আসেন এবং সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছিলেন। হাত উড়ে যাওয়ায় খুব সহজে চিহ্নিত হয়ে যেতে পারেন, এ আশঙ্কায় সোহেল মাহফুজ অনেকটা লোকচক্ষুর অন্তরালে থাকতেন। গুলশানের হোলি আর্টিজানে হামলার পরিকল্পনা হয় যে বৈঠকে, সেখানেও তিনি উপস্থিত ছিলেন।
কানাডীয় বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব্য জেএমবির হাল ধরেন মাঈনুল ওরফে মুসা। মুসার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সোহেল মাহফুজের। হোলি আর্টিজানে হামলার পর মুসা তাঁর সঙ্গে দেখা করেন এবং অস্ত্র–গোলাবারুদ কেনার জন্য টাকা দেন। তা ছাড়া মৌলভীবাজারের বড়হাটের আস্তানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঘিরে ফেলে, তখনো মুসা কথা বলেন সোহেল মাহফুজের সঙ্গে।
২০১৪ সালে খাগড়াগড়ে বিস্ফোরণের আগ পর্যন্ত ভারতীয় পুলিশের কাছে সোহেল মাহফুজ সম্পর্কে তথ্য ছিল না উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের পর ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ভারতীয় পুলিশ সোহেল মাহফুজের বিষয়ে জানতে পারে। তবে ভারতে সোহেল মাহফুজ নাসরুল্লাহ নামে পরিচিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর বিভিন্ন জঙ্গি হামলায় তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।
সোহেল মাহফুজ ছাড়া গ্রেপ্তার বাকি তিনজন হলেন হাফিজ, জুয়েল ও জামাল। পুলিশ বলছে, সোহেল মাহফুজ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার। এ ছাড়া জামাল নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। হাফিজ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। জুয়েলও নব্য জেএমবির সদস্য।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার পি এম মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, জঙ্গিরা বারবার জায়গা বদল করছিলেন। তাঁরা বৈঠক করার জন্য শিবগঞ্জের ওই এলাকায় জড়ো হয়েছিলেন। এ সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।