নব্য জেএমবির ২১ জন সদস্য এখনো গ্রেপ্তার এড়িয়ে রয়েছেন। তাঁদের হাতে কোনো অস্ত্রও নেই। বোমা তৈরির কিছু সরঞ্জাম থাকতে পারে। আশুলিয়ায় সারোয়ার জাহান নামে এক ব্যক্তির বাসা থেকে সম্প্রতি বিপুল পরিমাণ নথি পেয়েছে র্যাব। এগুলোর মধ্যে কয়েকটি নব্য জেএমবির সাংগঠনিক প্রতিবেদনও রয়েছে। এই প্রতিবেদনগুলোর ভিত্তিতে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এসব তথ্য দেন।
র্যাবের মহাপরিচালক বলেন, গত বছরের ২১ জুলাই নব্য জেএমবির আমির হিসেবে দায়িত্ব নেন সারোয়ার জাহান। পরে ২৬ জুলাই তাঁদের সাংগঠনিক এক প্রতিবেদনে সারোয়ার উল্লেখ করেন, তাঁদের ৩০০ জন সদস্য, ২০টি আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, নয়টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও কিছু গ্রেনেড রয়েছে। এ প্রতিবেদনের আট মাস পর আরেক প্রতিবেদনে সারোয়ার জাহান পুলিশ-র্যা বের অভিযানে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে লিখেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাঁদের ১৫ জন সদস্য নিহত ও ১৯ জন গ্রেপ্তার হয়েছেন। ছয়টি একে-২২ রাইফেল ও একটি এম-১৬ রাইফেল র্যা ব-পুলিশ জব্দ করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন কেমিস্ট ও একজন ইলেকট্রিশিয়ান রয়েছেন। এ ছাড়া একজন ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার হয়েছেন। ওই সাংগঠনিক প্রতিবেদনে আরও বলা হয়, আট মাসে তাঁদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৬৬। অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি একে-২২ রাইফেল, চারটি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাক।
নিহত হওয়ার দুই দিন আগে (গত ৬ অক্টোবর) সারোয়ার যে সাংগঠনিক প্রতিবেদন তৈরি করেন, তাতে পাঁচটি একে-২২ রাইফেল, ৩৩ জন সদস্যের কথা বলা হয়। এই ৩৩ জনের মধ্যে মিডিয়া টিমের তিনজন, বিস্ফোরক দলের চারজন ও ছয়জনকে ‘ব্যাচ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বেনজীর আহমেদ বলেন, অবশিষ্ট এই ৩৩ জনের মধ্যে ৮ অক্টোবর টাঙ্গাইলের কাগমারা ও গাজীপুরের হাঁড়িনালে র্যাবের অভিযানে চারজন নিহত হন। আশুলিয়ায় অভিযানের সময় ওপর থেকে পড়ে মারা যান সারোয়ার জাহান ওরফে আবদুর রহমান। একই দিনে গাজীপুরের পাতারটেকে পুলিশের অভিযানে সাতজন নিহত হন। এদিন মোট ১২ জন মারা যাওয়ায় অবশিষ্ট থাকেন ২১ জন। তাঁদের মধ্যে তিনজন নীতিনির্ধারণী (শুিরা) কমিটির সদস্য। তাঁদেরও সাংগঠনিক নাম ইতিমধ্যে জানা গেছে। আর সর্বশেষ প্রতিবেদনে যে পাঁচটি অস্ত্রের কথা বলা হয়েছে, ৮ অক্টোবর র্যা ব-পুলিশের চারটি অভিযানে সবগুলোই উদ্ধার করা হয়। এরপর তাঁরা আর কোনো অস্ত্র কিনে না থাকলে ধরে নেওয়া যায় তাদের এখন কোনো অস্ত্র নেই। বোমা তৈরির কিছু সরঞ্জাম থাকতে পারে।
র্যাবের মহাপরিচালক বলেন, সংগঠনটি এখন সম্পূর্ণ বিপর্যস্ত। তবে অবশ্যই এই ২১ জনের তৎপরতা আছে। তাঁরা এটাকে পুনর্গঠিত করতে এখন সময় নেবেন।