নব্য জেএমবির সন্দেহভাজন দুই জঙ্গি গ্রেপ্তার: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দিনাজপুরের ঘোড়াঘাটের রামেশ্যাপুর এলাকা থেকে গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করেন রংপুর র‍্যাবের সদস্যরা।

আজ বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর র‍্যাব-১৩-এর অধিনায়ক বি এম আতিকুল্যাহ এ তথ্য জানান। এ সময় গ্রেপ্তার হওয়া দুজনকে হাজির করা হয়।

তাঁরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের মো. সেলিম (২৮) ও রাশরতপুর গ্রামের খাদেমুল ইসলাম (২৭)।

র‍্যাবের তথ্যমতে, সেলিম ও খাদেমুল নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। সেলিম আত্মগোপনে থেকে এলাকায় চাঁদা ও কর্মী সংগ্রহ এবং প্রচার-প্রচারণা চালাতেন। আর খাদেমুল আগের বেশভূষা বদলে এলাকা থেকে পালিয়ে ঢাকায় অবস্থান করতেন এবং মাঝেমধ্যে সাংগঠনিক কাজে এলাকায় যেতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, খাদেমুল এলাকায় গিয়ে সেলিমের সঙ্গে গোপন বৈঠক করবেন। এরপরই অভিযান চালিয়ে রামেশ্যাপুর দারুলহুদা ফাজিল মাদ্রাসা এলাকা থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য, সেলিম ও খাদেমুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে সারওয়ার-তামিম গ্রুপের অনেকেই নিহত ও গ্রেপ্তার হওয়ায় সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। তাঁরা এই এলাকায় সাংগঠনিক কার্যক্রম চাঙা করতে গিয়েছিলেন। এ ছাড়া দিনাজপুরে বসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিচ্ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন।