নব্য জেএমবির ২২ সদস্যের নাম বলেছেন গ্রেপ্তার ইলিয়াছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের খাদেম খুনের ঘটনায় গ্রেপ্তার মো. ইলিয়াছ নব্য জেএমবির ২২ সদস্যের নাম বলেছেন। তাঁদের মধ্যে দুজন জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছেন।

এদিকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে ইলিয়াছকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রোববার তাঁকে আদালতে হাজিরের পর আরও দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডের শেষ দিনে রোববার ইলিয়াছকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান। তিনি জিজ্ঞাসাবাদ করার পর ইলিয়াছকে আবারও রিমান্ডে নেওয়ার সিদ্ধান্ত হয়।

চতুর্থ দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ইলিয়াছ নব্য জেএমবির সক্রিয় সদস্য। তাঁর কাছ থেকে বিভিন্ন এলাকার ২২ জন নব্য জেএমবির সদস্যের নাম পাওয়া গেছে। যাঁদের সঙ্গে সম্পর্ক ছিল বলে তিনি স্বীকার করেছেন। ওই ২২ জনের মধ্যে নোয়াখালীর আশারাফুল ইসলাম ওরফে নাজিম ও জোবায়ের হোসেন রয়েছেন, যাঁরা এর আগে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, ইলিয়াছের কাছ থেকে নব্য জেএমবির যেসব সদস্যের নাম-পরিচয় পাওয়া গেছে সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। তিনি বলেন, জেএমবিতে ইলিয়াছের সাংগঠনিক নাম মাহবুব। একইভাবে যাঁদের নাম তিনি প্রকাশ করেছেন তাঁদের প্রায় প্রত্যেকের ভিন্ন ভিন্ন সাংগঠনিক নাম রয়েছে।

১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে আফজাল শাহর মাজারের খাদেম সোনা মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে প্রথমে মো. ইলিয়াছ ও পরে সুজনকে আটক করে পুলিশে দেন। সুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।