নব্য জেএমবির 'অস্ত্র ও বোমা সরবরাহকারী' গ্রেপ্তার
মো. মিজান ওরফে বড় মিজান (৬০) নামে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তিকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি। পুলিশ বলেছে, তিনি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী চক্রের প্রধান। গত মঙ্গলবার রাতে বনানীর কাকলী ক্রসিংয়ের কাছের একটি বাসা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
ঢাকা মহানগর পুলিশের মুখপত্র ডিএমপি নিউজের অনলাইন সংস্করণে জানানো হয়েছে, বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জের প্রধান দায়িত্বশীল। আগে তিনি জুনুদ আত তাওহীদ নামের একটি জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিলেন। পরে তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবিতে যুক্ত হন। বড় মিজানের নেতৃত্বেই নব্য জেএমবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তকেন্দ্রিক অস্ত্র ও গ্রেনেড তৈরির উপকরণ, ডেটোনেটর ও বিস্ফোরক জেল চোরাচালানের একটি চক্র গড়ে তোলে। এই চক্রটিই জেএমবির প্রায় সব অস্ত্র, ডেটোনেটর ও বিস্ফোরক জেল সরবরাহ করছিল। গুলশানে হলি আর্টিজানে হামলায় ব্যবহৃত গ্রেনেড ও পিস্তলগুলো বড় মিজানের সিন্ডিকেটের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয় এবং বসুন্ধরা আবাসিক এলাকায় তানভীর কাদেরীর বাসায় তামিম চৌধুরীর কাছে পৌঁছানো হয়।
গত বছরের ২ নভেম্বর রাজধানীর গাবতলী থেকে নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরা জেএমবির চাঁপাইনবাবগঞ্জ জেলার সামরিক শাখার দায়িত্বে নিয়োজিত বলে তখন পুলিশ বলেছিল। তাঁদের কাছ থেকে গ্রেনেড তৈরির উপকরণ, ৭৮৭টি ডেটোনেটর ও একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেররিজম ইউনিট। ওই সময় করা মামলাটিতেই বড় মিজানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের সূত্র বলেছে, বড় মিজান পেশায় মৎস্যচাষি। শিবগঞ্জ থানার বাসিন্দা এই ব্যক্তি ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে এনে সরবরাহ করতেন। ভারতের বিভিন্ন খনি এলাকায় বিস্ফোরণের কাজে ব্যবহৃত বিস্ফোরক জেল ও ডেটোনেটর সংগ্রহ করে সেগুলো দিয়েই বোমা বানাত জঙ্গিরা। মূলত ২০১১ সালের দিকে জুনুদ আত তাওহীদের সঙ্গে যুক্ত হন বড় মিজান। তাঁর ভাই আবু তাহেরও নব্য জেএমবির সঙ্গে যুক্ত। তিনিও বর্তমানে কারাগারে রয়েছেন।