সেবাগ্রহীতা ব্যক্তিদের সঙ্গে দূরত্ব কমে এলে এবং সেবাদানে গতিশীলতা বাড়লে ভোগান্তি কমবে। এতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়বে। একই সঙ্গে কার্যালয়কে ঘিরে দৌরাত্ম্য কমবে দালালদের।
বিআরটিএ খুলনা আয়োজিত গণশুনানিতে বিশিষ্টজনেরা এসব কথা বলেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় খুলনা বিআরটিএ কার্যালয়ে প্রথমবারের মতো এই গণশুনানির আয়োজন করা হয়।
এতে ডিজিটাল নম্বর প্লেট ও ডিজিটাল নিবন্ধন সনদ (ডিআরএস) পাওয়ার ক্ষেত্রে ধীরগতি ও দালালদের সমস্যার কথাই বেশি উঠে আসে। গণশুনানি পরিচালনা করেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম। বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন আটজন সেবাগ্রহীতা।
গণশুনানিতে খুলনার সোনাডাঙ্গা এলাকার এইচ এম আলাউদ্দীন বলেন, আগের তুলনায় দালালদের দৌরাত্ম্য কমেছে। কিন্তু যানবাহনের ডিজিটাল নম্বর প্লেটের মান অত্যন্ত খারাপ। ডিআরএস দেওয়ার ক্ষেত্রেও রয়েছে ধীরগতি। লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও বিড়ম্বনা পোহাতে হয়।
অভিযোগের জবাবে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ডিজিটাল নম্বর প্লেট ও ডিআরএস বিষয়গুলোর সঙ্গে বেসরকারি কোম্পানি জড়িত। বিষয়টি সমন্বয় সভায় তোলা হবে। বিআরটিএর কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো ধরনের হয়রানি করলে বা ঘুষ দাবি করলে সঙ্গে সঙ্গে তাঁকে ফোন করার আহ্বান জানান চেয়ারম্যান।