নম্বরবিহীন ৭টি মোটরসাইকেল, ৫৯টি অটো জব্দ

রংপুরে গতকাল বৃহস্পতিবার থেকে নম্বরবিহীন মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে ও শহর যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ ও সিটি করপোরেশন পৃথকভাবে এ অভিযান শুরু করেছে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে ব্যাটারিচালিত অটোরিকশা ও জেলা ট্রাফিক পুলিশ নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ অভিযান শুরু করেছে।
গতকাল সকাল ১০টা থেকে এক ঘণ্টা শহরের প্রধান সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নম্বরবিহীন ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়। সেই সঙ্গে নিবন্ধন নম্বর ভুয়া কি না, তা অত্যাধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা-নিরীক্ষাও করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে এ অভিযান শুরু করা হয়েছে। কেননা শহরের প্রধান সড়কে নম্বরবিহীন ও ভুয়া নম্বর লাগিয়ে অটোরিকশা চলাচল করায় যানজটে নগরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে এক দিনেই শহরে অটোরিকশা চলাচল কমে গেছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
একই সঙ্গে জেলা ট্রাফিক পুলিশ নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ অভিযান শুরু করে। গতকাল প্রথম দিন সাতটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করে মামলাও করা হয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে চেকপোস্ট বসিয়ে এক ঘণ্টার মধ্যে সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। রংপুরের ট্রাফিক পুলিশ সার্জন ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শহরের পার্ক মোড়, মডার্ন মোড়, সাতমাথা, মেডিকেল মোড়, মেডিকেল পূর্বগেট, জিলা স্কুল মোড়, জাহাজ কোম্পানি মোড়, লালবাগ, পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, শালবন মোড়, কাচারি বাজারসহ ১২টি স্থানে পর্যায়ক্রমে চেক পোস্ট বসিয়ে অভিযান চালানো হবে বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।