হরতালকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ দেশের নয়টি জেলা থেকে অন্তত ৯৮ জনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী। তাঁদের মধ্যে জেলা জামায়াতের আমির, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সহসভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।
আটক হওয়া ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই বলে স্থানীয়ভাবে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ বিষয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। এ ছাড়া আটক হওয়া ব্যক্তিদের মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যাসহ বিভিন্ন মামলার আসামিও রয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ঢাকা থেকে চারজন, যশোর থেকে ১৭ জন, মাগুরা থেকে ২৪ জন, কুষ্টিয়া থেকে ১০ জন, সাতক্ষীরা থেকে ২৮ জন, বাগেরহাট থেকে ছয়জন, নারায়ণগঞ্জ থেকে চারজন, সিরাজগঞ্জ থেকে তিনজন, বগুড়া থেকে দুজনসহ মোট ৯৮ জনকে গত ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অনেককেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে গতকাল ভোরে শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। এঁদের কাছ থেকে দুটি পেট্রলবোমা ও পেট্রল উদ্ধার করেছে পুলিশ।
এদিকে আজকের হরতালকে কেন্দ্র করে গতকাল রাতে নারায়ণগঞ্জে বিএনপির কয়েকজন নেতার বাড়িতে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।
শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, শনিবার মধ্যরাতে শহরের ব্যাংক কলোনি এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ টি এম কামাল বলেন, শহরের মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকারের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। তবে তল্লাশির সময় তাঁরা বাড়িতে ছিলেন না।
বিএনপির নেতাদের বাড়িতে অভিযানের সত্যতা স্বীকার করে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, নাশকতা রোধে বিএনপির নেতাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে।