নয়জন জেলের জরিমানা, জাল ও নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত নয় জেলেকে জরিমানা করেছেন। এ সময় এক লাখ মিটার অবৈধ জাল এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

গতকাল সোমবার আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইমতিয়াজ হোসেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, মাছের অভয়াশ্রম তৈরি করার জন্য ভোলা জেলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, বুড়াগৌরাঙ্গ নদীসহ সাগর মোহনায় মার্চ-এপ্রিলে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ। এ দুই মাস মাছ শিকার, ক্রয়-বিক্রয়, বহন, মজুত শাস্তিযোগ্য অপরাধ। জাল ফেলা বন্ধে প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

গতকাল সকালে মৎস্য কার্যালয়, কোস্টগার্ড ও প্রশাসন মেঘনা নদীতে অভিযান চালায়। বেলা ১১টায় সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদী থেকে নয় জেলেকে জাল ফেলা অবস্থায় আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক লাখ মিটার জাল এবং একটি নৌকা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আটক হওয়া জেলেদের প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা করেন। জালগুলো পুড়িয়ে ফেলা হয়।