নয়জনকে আসামি করে শিগগিরই অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খান (রানা), তাঁর ভাই পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাঁকন) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানকে (বাপ্পা) আসামি করে অভিযোগপত্র দেওয়া হতে পারে। চার ভাই ছাড়াও হত্যাকাণ্ডে অংশ নেওয়া কবির, সমির, রাজা, মোহাম্মদ আলী ও আবদুল হকও আসামি হচ্ছেন। আবদুল হক গত আগস্টে টাঙ্গাইলের চরাঞ্চলের হুগড়া এলাকায় গ্রামের বাড়িতে প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগপত্রে সাংসদ আমানুর ও ছাত্রলীগের নেতা সানিয়াতসহ আরও অন্তত পাঁচজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ও সহায়তা করা এবং আলামত গোপন করার অভিযোগ আনা হচ্ছে। পৌর মেয়র সহিদুর রহমান খান ও জাহিদুর রহমান খানের বিরুদ্ধে খুনের পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ আনা হতে পারে।
হত্যায় সাংসদ, মেয়রের হাত!জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুল ইসলাম বলেন, এই মামলায় গ্রেপ্তারকৃত আসামি আনিসুল ইসলাম (রাজা) ও মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যে নামগুলো বলেছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্ত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশোক কুমার সিংহ জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া জবানবন্দিতে কিছু ব্যক্তির নাম-ঠিকানা এসেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
গত বছরের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।
গতকাল রোববার ‘হত্যায় সাংসদ, মেয়রের হাত!’ শিরোনামে প্রথম আলোতে এ বিষয়ে মূল প্রতিবেদন প্রকাশিত হয়।