নরসিংদী ও গাজীপুরে গৃহবধূসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় গত শুক্রবার রাতে শারমিন বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার গাজীপুরের কাপাসিয়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়।
শারমিনকে (২৪) হত্যার ঘটনায় প্রতিবেশীরা তাঁর স্বামী মুক্তার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন। পুলিশ ও শারমিনের পরিবার সূত্র জানায়, চার বছর আগে মুক্তার ও শারমিনের বিয়ে হয়। তাঁদের এক সন্তান আছে। বিয়ের কিছুদিন পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য শারমিনকে চাপ দিতে থাকেন মুক্তার। টাকা দিতে না পারলেই শারমিনকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। এ কারণে শারমিন কয়েকবার বাবার বাড়ি চলে যান। কিছুদিন আগেও টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন মুক্তার। টাকা এনে দেওয়া সম্ভব নয় বলে মুক্তারকে জানান শারমিন। এরপর থেকে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। শুক্রবার রাত ১০টার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তার দরজা বন্ধ করে দেন এবং দা দিয়ে শারমিনকে কোপাতে শুরু করেন। শারমিনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। মুক্তার ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে আটক করেন। মুমূর্ষু অবস্থায় রাতেই শারমিনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১২টার দিকে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই রাতেই মুক্তারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে কাপাসিয়ায় নিহত বৃদ্ধের নাম আবদুল কাদির (৭৫)। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আবদুল কাদির তাঁর নাতি মাসুমকে (২২) বিয়ে করান। মাসুমের বাবা বাদল মিয়া কয়েক দিন আগে তাঁর ছেলেকে (মাসুম) শ্বশুরবাড়ি থেকে যৌতুক এনে দিতে বলেন। এ নিয়ে গতকাল বিকেল চারটার দিকে বাদলের সঙ্গে বাবার (কাদির) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদল দা নিয়ে বাবার ওপর হামলা করেন। এ সময় কুপিয়ে বৃদ্ধের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত জখম করা হয়। তাঁর একটি হাতও কেটে ফেলা হয়। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। থামাতে এলে ছোট ভাই জুয়েল ও ছেলে মাসুমকেও কুপিয়ে আহত করেন বাদল। জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।