নরসিংদী ও নারায়ণগঞ্জে ১২ হাজার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলায় ১৪টি ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪টি এলাকায় প্রায় ১২ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নির্বাহী হাকিম কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নরসিংদী আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, দুই বছর আগে নরসিংদী সদরের মাধবদী, আলগী, কান্দাপাড়া, কাঠালিয়াসহ ১৪টি এবং আড়াইহাজার উপজেলার ৪টি গ্রামসহ মোট ১৮টি এলাকায় প্রায় ১২ হাজার অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া হয়। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আলগী এলাকার তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসার্ধের বৈধ ভাল্ব থেকে অবৈধভাবে ৩/২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ দিয়ে এসব সংযোগ স্থাপন করা হয়। এক সপ্তাহ আগে তিতাসের কর্মকর্তারা সরেজমিনে এর সত্যতা পান। এরই ধারাবাহিকতায় গতকাল তিতাসের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এসব এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম। সংযোগ বিচ্ছিন্নকরণে কারিগরি সহায়তা দেন তিতাসের প্রকৌশলী আনোয়ার পারভেজ। কোম্পানির কর্মচারীরা বিচ্ছিন্নকরণের কাজ করেন।

তিতাসের নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, অভিযানে প্রায় তিন হাজার ফুট অবৈধ লোহার পাইপ উদ্ধার করা হয়। এসব এলাকায় অবৈধ গ্রাহকেরা প্রতি ঘণ্টায় ২ লাখ ৫২ হাজার সিএফটি গ্যাস পোড়াচ্ছিলেন। আর এতে মাসে প্রায় ৭৮ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার।