নরসিংদী ও মুন্সিগঞ্জে দুজন খুন
মুন্সিগঞ্জে বেসরকারি একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ছুরিকাঘাতে ফয়সাল নামের এক রোগী খুন হয়েছেন। এ ঘটনায় রুবেল নামের আরেক রোগী এবং কেন্দ্রটির মালিক আবদুল্লাহ ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই রাতে নরসিংদীতে বরুণ মিয়া নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা শহরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় কৃপা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মাত্র দুজন রোগী ছিলেন। ফয়সাল ও রুবেল। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুবেল পেঁয়াজ কাটার চাকু দিয়ে ফয়সালের বুকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফয়সালের (৩০) মৃত্যু হয়। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের হাতে তুলে দেয় পুলিশ। ফয়সালের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর পানাম এলাকায়। রুবেলের বাড়ি ঢাকার শেওড়াপাড়া এলাকায়।
এদিকে নরসিংদীতে খুন হওয়া বরুণের (২৫) বাড়ি ভাগদী এলাকায়। বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হন। গভীর রাতে একই এলাকায় একটি সড়কের পাশে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, বরুণ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
দুই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার: গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকৈর এলাকা থেকে গতকাল বিকেলে এক রশিতে ঝুলন্ত দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো জাহিদুল ইসলাম ও তার ফুফাতো ভাই মো. বাবু। দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বাবুর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সে তার মামা আবদুল জলিলের দক্ষিণ খাইলকৈরের বাসায় থাকত। ওই বাসার দোতলার একটি কক্ষের ভেতরে একই রশির দুই প্রান্ত দুজন গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেয়। গতকাল সন্ধ্যায় ওই কক্ষের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।