নরসিংদী থেকে ডাকাতি করা কাপড় পাবনায় উদ্ধার, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বাবুরহাট থেকে ডাকাতি হওয়া প্রায় দেড় কোটি টাকার কাপড় পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুর থেকে উদ্ধার করেছে নরসিংদীর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভাঙ্গুড়া বাজার এলাকার জাহাঙ্গীর হোসেন (৪৫), তাঁর ভাই সুইট হোসেন (২৫), ফরিদপুর পৌর সদরের মাসুদ হোসেন (৪০), তাঁর ভাই সোহেল রানা (৩০) ও ফরিদপুর উপজেলার মন্টু হোসেন (৪০)।
নরসিংদী ডিবির এসআই আবদুল গাফফার জানান, গত ৭ মার্চ রাতে নরসিংদী জেলার শেখেরচর বাবুরহাট থেকে ২০ জন ব্যবসায়ী প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার বিভিন্ন ধরনের কাপড় বোঝাই একটি ট্রাক নিয়ে শরীয়তপুর যাচ্ছিলেন। ট্রাকটি মাধবদী মহাসড়কে পৌঁছালে আটজন ডাকাত সেটির গতিরোধ করে চালক ও সহকারীর মুখ, হাত-পা বেঁধে গাজীপুরের টঙ্গীতে নিয়ে যায়। এরপর অন্য ট্রাকে কাপড়গুলো তুলে নিয়ে পালিয়ে যায়।
পরদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মিন্টু কাজী বাদী হয়ে চালক, চালকের সহকারীসহ চারজন, অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় একটি মামলা করেন। এরপর গোয়েন্দা পুলিশ গত সোমবার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য নজরুল ইসলাম ও তাঁর চার সহকারীকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যর ভিত্তিতে পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুর থানার পুলিশের সহযোগিতায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কাপড়গুলো উদ্ধার করে।
তবে আটক ব্যক্তিরা পুলিশের কাছে দাবি করেছেন, তাঁরা শুধু কাপড় কিনেছিলেন। ডাকাতির ঘটনা তাঁদের জানা নেই।