অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে রত্না বেগম (২৩) নামের এক অন্তঃসত্ত্বাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চরসিন্দুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রত্না বেগম উপজেলার আলীনগর এলাকার আবদুল করিমের মেয়ে।

নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, চার বছর আগে পলাশের চরসিন্দুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আলী হোসেনের সঙ্গে রত্নার বিয়ে হয়। আলী হোসেন পেশায় গাড়ি চালক। রত্না বেগম তাঁর দ্বিতীয় স্ত্রী। স্বামীর অনিচ্ছায় অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। আজ সকালে রত্নাকে মারধর করে একপর্যায়ে পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেন আলী হোসেন। প্রতিবেশীরা গুরুতর আহত রত্না বেগমকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তারা মিয়া বলেন, ‘আলী হোসেনের প্রথম পক্ষের সন্তান আছে। দ্বিতীয় পক্ষে সন্তান নেওয়া নিয়ে কলহের কথা শুনেছি।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।