নরসিংদীতে অপহরণকারী চক্রের দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে রুহুল আমিন (২০) ও মো. সানি মিয়া (২১) নামে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুক ও মুঠোফোনে তরুণী সেজে কৌশলে বন্ধুত্ব করে নির্দিষ্ট স্থানে এনে জিম্মি করে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় অপহরণকারী চক্রের সদস্য রুহুল আমিন, মো. সানি, সাইদুর মিয়া, সুমন মিয়া ও মোহন মিয়া নামের পাঁচজন শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মঞ্জিলখোলা এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম মেড্ডা এলাকার সাইফুল ইসলাম (১৮), মো. মহসীন মিয়া (২০) ও সুমন আহম্মেদের (২২) কাছ থেকে এক লাখ টাকা মূল্যমানের তিনটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁদের জিম্মি করে মুঠোফোনে পরিবারের লোকজনের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিন রাতে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা পরিশোধ করা হলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীদের সঙ্গে তাঁদের মুঠোফোনে পরিচয়। বেড়ানোর কথা বলে তাঁদের নরসিংদীতে আনা হয়। এ ঘটনায় সাইফুল ইসলামের মা পান্না বেগম পুলিশ সুপারের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজের নেতৃত্বে পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন ও সানিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, চক্রটি পাঁচদোনার একটি ছেলেকে কৌশল করে শহরে এনে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। সর্বশেষ গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার ছেলেদের পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে। এই চক্রের বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।